ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০টি ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবির এসআই (অব.) খায়রুল ইসলাম ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা গতকাল বুধবার নগরের গোলগন্ডা এলাকায় অভিযান চালিয়ে উম্মে হাবিবা হাসি (২২) নামের এক নারীকে গ্রেপ্তার করেন। তাঁর কাছ থেকে ৬ কেজি গাঁজা, ১২০টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক ও টাকার আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, গতকাল বিকেল পৌনে ছয়টার দিকে ফুলপুর উপজেলার ডেংবাড়ি ও পূর্ব চাঁদহারা এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই (অব.) ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ১ হাজার ৭০০টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফাতেমা খাতুন (২৪) ও রাকিবুল হাসান রাব্বি (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও মুঠোফোনের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৬ হাজার টাকা। এরপর বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে নগরের পাটগুদাম র্যালি মোড় এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই (অব.) রফিকুল ইসলামের নেতৃত্বে ওই অভিযানে ৭০টি ইয়াবা বড়িসহ মো. রোমান মিয়া (৩০) ও মো. মিজানুর রহমান (৩২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল ও ফুলপুর থানায় পৃথক মামলা করা হয়েছে। উদ্ধার করা আলামত আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর