• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০৩ সকাল

সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ৫৮ ঘণ্টার ব্যবধানে স্ত্রী জামায়াত নেত্রীর ইন্তেকাল

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন তার স্ত্রীও। স্বামীর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে স্ত্রী নিজেও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে বাবা-মা দুজনকে হারিয়ে সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন (৪০) জীবিকার তাগিদে সৌদি আরবের আভা শহরে কর্মরত ছিলেন। গত ১০ আগস্ট কর্মস্থলে থাকাকালে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ আগস্ট ভোর ৫টার দিকে তিনি মারা যান।

সফর উদ্দিন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, সাবেক প্যানেল মেয়র ও সাংবাদিক শরীফ উদ্দিনের ভাই।

এদিকে, গত ১০ আগস্ট স্বামী সফর উদ্দিন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর পান তার স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। স্বামীর অসুস্থতার খবর শুনে তিনি মারাত্মক মানসিক আঘাত পান এবং ওই দিনই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববিতা খাতুন।

ববিতা খাতুন দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতের নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

একই পরিবারের মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে শোকাহত স্বজনরা। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—এই দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান অল্প সময়ের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারিয়েছে।

ববিতা খাতুনের মৃত্যুর খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ঢাকার হাসপাতালে যান। তারা সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এদিকে, সফর উদ্দিনের লাশ দ্রুত সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক সহযোগিতার চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে শ্যামপুরসহ দর্শনা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তাদের স্বজন, রাজনৈতিক সহকর্মী, প্রতিবেশী ও গুণগ্রাহীরা গভীর শোক প্রকাশ করেছেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]