ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দুই পরমাণু শক্তিধর দেশের সামরিক সক্ষমতাকে ‘নিষ্ক্রিয়’ করে দিয়েছে এবং শক্তির ভারসাম্য ইরান ও প্রতিরোধ অক্ষের অনুকূলে পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব মোহাম্মদ হাসান আবুতোরাবি-ফার্দ।
শুক্রবার (২১ আগস্ট) তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ মন্তব্য করেন বলে মেহর নিউজ এজেন্সি (MNA) জানিয়েছে।
আবুতোরাবি-ফার্দ বলেন, জ্ঞান ও বিশ্বাস থেকে অর্জিত শক্তির মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী এমন সক্ষমতা প্রদর্শন করেছে, যা ‘প্রতিরোধী ইরানি জাতি ও প্রতিরোধ অক্ষের’ অনুকূলে শক্তির ভারসাম্য পরিবর্তন ও সুসংহত করেছে।
তিনি বলেন, ইরানকে অপমান, দুর্বল ও বিভক্ত করা এবং দেশটির অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে আরোপিত নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন উল্টো ইরানের শক্তি বৃদ্ধির জন্য একটি সোপানে পরিণত হয়েছে।
তেহরানের জুমার নামাজের খতিব সরকার, রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং জনগণের মধ্যে জাতীয় ঐক্যেরও প্রশংসা করেন। তিনি বলেন, ইরানিদের নজিরবিহীন পারস্পরিক সহযোগিতা জাতীয় সংহতির নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তার ভাষ্য, এই ঐক্য মার্কিন প্রশাসনের শাসকগোষ্ঠীর মনোবল ভেঙে দিয়েছে এবং ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে’ রাজনৈতিক পতনের আরও কাছাকাছি নিয়ে গেছে।
আবুতোরাবি-ফার্দ আরও বলেন, আল্লাহর সাহায্য, জাতীয় ঐক্য এবং জনগণ ও রাষ্ট্রের দৃঢ় বন্ধনের মাধ্যমে ইরান যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক সংকটও মর্যাদা ও শক্তির সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর