মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনার আলোচনা চলছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই পদে বহাল থাকবেন বলে সূত্রগুলো জানিয়েছে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়েও আলোচনা চলছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার পাশাপাশি মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।
অন্যদিকে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে। এ ছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে জানা গেছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর