তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে। তার জায়গায় নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই অনুষ্ঠানে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
সরকারের একটি সূত্র জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়লেও জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে সরকারের সঙ্গে থাকবেন। তবে তাকে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত হন তিনি। তার বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর আসনটি বিএনপির দখলে ফিরে আসে।
ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন জহির উদ্দিন স্বপন। তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন।
১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সহ-দফতর সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
বর্তমানে জহির উদ্দিন স্বপন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর