• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৭:৩৯ বিকাল

সালমান শাহ ভক্তদের নস্টালজিয়ার গল্প ‘লাভ ৯৬’, মুক্তি পাচ্ছে কবে

ছবি: সংগৃহীত

অমর নায়ক সালমান শাহর জীবনী কিংবা তাঁর মৃত্যুরহস্যকে কেন্দ্র করে নয়, বরং তাঁকে ঘিরে নব্বইয়ের দশকে তৈরি হওয়া ভক্তদের উন্মাদনা, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

নির্মাতা জানিয়েছেন, সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। তাই প্রয়াত এই নায়কের স্মৃতির সঙ্গে মিল রেখে তাঁর মৃত্যুবার্ষিকীর ঠিক দুই দিন আগে ‘লাভ ৯৬’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১০ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নির্মাতা ইভান মল্লিকের দাবি, নব্বইয়ের দশকের আবহ, গল্প ও নির্মাণশৈলী বোর্ড সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে।

ইভান মল্লিক বলেন, “সিনেমাটি যেহেতু সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।”

ছবি: সংগৃহীত

সিনেমায় নব্বইয়ের দশকের নস্টালজিয়া
নব্বইয়ের দশক—যে সময়ে ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখার জন্য পরিবারের সবাই একসঙ্গে বসত। বন্ধুরা মিলে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ, ক্যাসেট প্লেয়ারে প্রিয় গান শোনা কিংবা রেডিওতে পছন্দের অনুষ্ঠানের অপেক্ষা—সেই সময়ের এসব স্মৃতিই আজকের দর্শকের কাছে এক ধরনের নস্টালজিয়া।

ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে নতুন এক ঝড়ের মতো আবির্ভাব ঘটে সালমান শাহর। অভিনয়, পোশাক, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নেন।

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক ও আবেগে সেই সময়ে একাধিক ভক্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদন ও স্মৃতিচারণে উঠে এসেছে।

সেই সময়ের আবেগ, সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা এবং একজন অন্ধ ভক্তের জীবনকাহিনিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’।

নতুন জুটির বড়পর্দায় অভিষেক
রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

নির্মাতা জানান, অডিশনের মাধ্যমে সিনেমার দুই প্রধান অভিনয়শিল্পীকে নির্বাচন করা হয়েছে। এ ক্ষেত্রে পরিচালক সমিতিও সহযোগিতা করেছে।

ইভান মল্লিক বলেন, “অডিশনের মাধ্যমে একেবারে নতুন দুজনকে নির্বাচন করেছি। ‘লাভ ৯৬’ পুরোপুরি রোমান্টিক ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা। দর্শকরা টানটান উত্তেজনা পাবেন। আমি মনে করি, এই চলচ্চিত্রটি দেখলে প্রত্যেক সালমান শাহ ভক্তই নিজের কোনো না কোনো অনুভূতিকে খুঁজে পাবেন।”

সালমান শাহকে ঘিরে তৈরি হওয়া আবেগ ও নব্বইয়ের দশকের হারিয়ে যাওয়া সেই সময়কে বড়পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা ‘লাভ ৯৬’ কতটা দর্শকের মনে জায়গা করে নিতে পারে, তার উত্তর মিলবে ৪ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির পর।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]