দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী সৌকার জানকী আর নেই। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। নাদিগার সংঘের সভাপতি নাসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সাত দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিনয়জীবনে সৌকার জানকী তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষার প্রায় ৪০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি মঞ্চেও ছিলেন সমান সক্রিয়; অংশ নিয়েছেন ৩০০টির বেশি নাটকে। অভিনয়জীবনের শুরুর দিকে তিনি রেডিও শিল্পী হিসেবেও কাজ করেন।
১৯৫০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্র ‘শভুকরু’-তে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ওই ছবির নাম থেকেই তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘সৌকার’ উপাধি। বহুমুখী অভিনয় প্রতিভার কারণে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পদ্মশ্রীসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
নাদিগার সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার বিকেল ৫টা থেকে চেন্নাইয়ের তেনামপেটের সেন্টাফ রোড প্রাঙ্গণে তাঁর মরদেহ রাখা হয়। তাঁর মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর