• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৪:২৭ দুপুর

প্রেম অতপর বিয়ে করলেন অর্জুন রামপাল

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে নিবন্ধিত হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গোয়ার ইউনিফর্ম সিভিল কোড (UCC) অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৫৩ বছর বয়সী অর্জুন ও গ্যাব্রিয়েলা। সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকারের তথ্য অনুযায়ী, বিকেল ৪টার দিকে তাঁরা মাপুসার কার্যালয়ে পৌঁছান। বিয়েতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না; সাদামাটা পোশাকেই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে হাজির হন দুজন।

গোয়ার স্থানীয় নিয়ম অনুযায়ী, বিয়ের প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান রয়েছে। তবে বিশেষ অনুমতি নিয়ে সেই সময়সীমা মওকুফ করান অর্জুন ও গ্যাব্রিয়েলা। স্থানীয় আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটরের অনুমতির পরই একই দিনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। বিয়ের মূল সনদ ১৫ দিন পর পাওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে সম্পর্কে জড়ান অর্জুন ও গ্যাব্রিয়েলা। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই একসঙ্গে সংসার শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান আরিকের জন্ম হয়। চার বছর পর, ২০২৩ সালে পরিবারে আসে দ্বিতীয় সন্তান আরিভ। দুই সন্তান থাকা সত্ত্বেও এতদিন আইনি বিয়ে করেননি এই জুটি।

তবে বিয়ে নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি ছিল বরাবরই কিছুটা আলাদা। রণবীর আলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, তাঁর কাছে বিয়ে মূলত একটি আইনি কাগজ। তাঁদের সম্পর্ক এমনিতেই বিবাহিত সম্পর্কের মতো বলেও মন্তব্য করেছিলেন তিনি।

অর্জুনের মতে, সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং একে অপরকে জীবনে এগিয়ে যেতে সহযোগিতা করা। বিয়ের কাগজ তাঁদের সম্পর্কের সংজ্ঞা নির্ধারণ করে না বলেও জানিয়েছিলেন তিনি। তবে একইসঙ্গে বিয়ের প্রতিষ্ঠানের বিরোধী নন বলেও স্পষ্ট করেছিলেন অভিনেতা।

২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের কথা প্রকাশ্যে জানান অর্জুন। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

গ্যাব্রিয়েলার আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। সেই সংসারে জন্ম নেয় দুই মেয়ে—মাহিকা ও মাইরা। প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক অটুট রয়েছে। অন্যদিকে গ্যাব্রিয়েলা ও দুই সন্তানকে নিয়ে নতুন সংসার গড়ে তুলেছেন অভিনেতা। বর্তমানে তাঁরা গোয়ার পানাজির কাছে একসঙ্গে বসবাস করছেন।

দীর্ঘদিনের প্রেম, দুই সন্তান ও একসঙ্গে পথচলার পর এবার সেই সম্পর্কই পেল আনুষ্ঠানিক আইনি স্বীকৃতি। জাঁকজমক নয়, বরং ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে সাদামাটা আয়োজনেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]