কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামত সার না পেয়ে বিসিআইসি সার ডিলারের গুদাম ভেঙে ২০২ বস্তা- প্রায় ১০ হাজার ১০০ কেজি ইউরিয়া সার লুট করে নিয়ে গেছে বিক্ষুব্ধ কৃষক।
রবিবার (২৩ আগস্ট ) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, রোপা-আমনের ভরা মৌসুমে গত তিন দিন থেকে সার না পেয়ে রবিবার সার দেওয়ার কথা শুনে শিলখুড়ি ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক সার নিতে সকাল থেকে ধলডাঙা বাজারে অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকেরা গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা ইউরিয়া সার লুট করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ , শিলখুড়ি ইউনিয়নের ডিলার মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ এর মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের দিতে গড়িমশি করেন। তার মোট বরাদ্দ ছিলো ১৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা সার। তাই বিক্ষুব্ধ কৃষক দরজা ভেঙে সার নিয়ে যায়। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ এর মালিক তাইফুর রহমান মুকুল জানান, সর্বশেষ ডিও অনুযায়ী ৩৪০ বস্তা সার আমি উত্তোলন করি। আজ বিতরণের সময় বিপুল সংখ্যক কৃষক উপস্থিত হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই গুদাম ঘরের দরজা ভেঙে ২০২ বস্তা সার লুট করে নিয়ে যায় স্থানীয় কৃষক। অবশিষ্ট ১৩৮ বস্তা ইউরিয়া সার বিতরণ করা সম্ভব হয়নি। সেগুলো গুদামেই রক্ষিত আছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দিন বলেন, ওই ইউনিয়নে চাহিদা প্রায় ৪ হাজার বস্তা সার। উত্তোলন আরও কম ছিল। ফলে কৃষকরা সার না পাওয়ার শঙ্কা থেকে গুদাম থেকে সার নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের তৎপরতায় বিকেল ৪টা পর্যন্ত ৬০ জন কৃষক ৬০ বস্তা সার ফেরত দিয়ে গেছে। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, ওই ইউনিয়নে মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা ইউরিয়া সার । এর মধ্যে এবারের ৩৪০ বস্তা সার উত্তোলন করেছেন ওই ডিলার। সার বিতরন চলাকালীন সময়ে কিছু উশৃঙ্খল জনতা ডিলারের গোডাউন ভেঙে ২০২ বস্তা সার জোরপূর্বক নিয়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান,আমি এবং সাকেল এএসপি সাহেব ঘটনাস্থলে আছি ।সার উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মহোদয়কে রিপোর্ট দিব।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর