মার্চেন্ট পাওয়ার প্লান্ট (এমপিপি) থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টা নবায়নযোগ্য বিদ্যুৎ ৬ টাকা ৪৮ পয়সা দরে কিনতে পারবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে।
চূড়ান্ত ট্যারিফ নির্ধারণ করা হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ‘মার্চেন্ট পাওয়ার পলিসি’ অনুযায়ী, এখন থেকে মার্চেন্ট পাওয়ার প্লান্টগুলো সরাসরি বড় গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন চার্জও প্রযোজ্য হবে।
এদিকে নবায়নযোগ্য বিদ্যুতের এই ট্যারিফ নির্ধারণ নিয়ে রবিবার (২৩ আগস্ট) গণশুনানির আয়োজন করেছে বিইআরসি। এর আগে জাতীয় গ্রিড ব্যবহার বাবদ কত টাকা চার্জ নির্ধারণ করা হবে, সে বিষয়ে বিতরণ সংস্থাগুলো কমিশনের কাছে পৃথক প্রস্তাব জমা দিয়েছে।
বিইআরসিতে জমা দেওয়া প্রস্তাব অনুযায়ী, ১৩২ কেভি উচ্চ ভোল্টেজ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে প্রতি ইউনিটে ১ টাকা ৬৭ পয়সা থেকে ২ টাকা ৪২ পয়সা পর্যন্ত চার্জ হতে পারে। আর সাধারণ গ্রাহক পর্যায়ের ০.৪০ কেভি লাইনে এই চার্জ সর্বোচ্চ ৩ টাকা ৪২ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সঞ্চালন চার্জের পাশাপাশি বিতরণ মাশুল ও ক্রস-সাবসিডি চার্জও প্রস্তাবের মধ্যে রাখা হয়েছে।
বর্তমানে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি এসব প্রস্তাব যাচাই-বাছাই করছে। গণশুনানি ও কারিগরি মূল্যায়ন শেষে চূড়ান্ত ট্যারিফ নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্টদের আশা, নবায়নযোগ্য বিদ্যুতের জন্য প্রতিযোগিতামূলক ট্যারিফ নির্ধারণ হলে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে। পাশাপাশি জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির অংশও ধীরে ধীরে বাড়ানোর সুযোগ তৈরি হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর