আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ছুটি প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকলেও স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবায় নিয়োজিতদের ছুটির আওতায় রাখা হয়নি।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী এসব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। একইভাবে হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্টদেরও প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
এদিকে সরকারি ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সাজু/নিএ
সর্বশেষ খবর