লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেন এবং একই পরিষদের সদস্য ও মোগলহাট ইউনিয়ন বিএনপির সদ্য স্থগিত হওয়া কমিটির সাধারণ সম্পাদক শুকুর আলী (শুক্কুর মেম্বার)-এর বিরুদ্ধে সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত ও প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধনে ব্যানার কেড়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকালে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও ভুক্তভোগীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ত্রাণসহ নানা খাতের টাকা বিতরণ না করে নিজস্ব স্বার্থে ব্যবহার ও আত্মসাৎ করেছেন। এই অনিয়মে তাঁর সঙ্গে মোগলহাট ইউনিয়ন বিএনপির সদ্য স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শুকুর আলী সরাসরি জড়িত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে ইউপি সদস্য ও বিএনপি নেতা শুকুর আলী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হট্টগোল বেঁধে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সমাবেশে দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তারা বলেন, মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনি জামে মসজিদের সংস্কার ও উন্নয়নের জন্য সরকারিভাবে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন মসজিদ কমিটির সভাপতিকে মাত্র ৬৮ হাজার টাকা বুঝিয়ে দেন। আর বাকি ১ লাখ ৮২ হাজার টাকা তিনি নিজেই আত্মসাৎ করেছেন।
বক্তারা বলেন, জনগণের টাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আসা অনুদান লুটপাট করার ঘটনা অত্যন্ত ক্ষোভের। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং দুলাল হোসেনকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে দ্রুত অপসারণ করতে হবে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস জানান, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর