মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার রাজনৈতিকভাবে দায় নিতে চাইছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তার দাবি, এ কারণে বিষয়টি ভারতের বিচার বিভাগের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না। তাই বিষয়টি জুডিশিয়ারির ওপর দিয়ে দেওয়া হচ্ছে। এটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে ফেরত চায়।
গণতন্ত্র ও সরকারের সমালোচনা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা মূলত মানসিকতার বিষয়। গত ১৭ বছর সমালোচনা শোনার মানসিকতা ছিল না। বর্তমান সরকারের গত ছয় মাসে তেমন কোনো মানসিকতার প্রকাশ ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কাউকে বন্ধ করা বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে সরকার দায়িত্ব পালন করছে। গত ১৭ বছরে পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা প্রয়োজন।
দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অন্যের পাশে থাকতে জানে। তবে কিছু মানুষ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান।
তিনি বলেন, এসব বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সরকার বিষয়টি দেখবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার কোনো মানসিকতা সরকারের নেই বলেও জানান তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর