• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১২:০৩ রাত

ভূখণ্ড অতিক্রম করে বাংলাদেশে বিএসএফ, গ্রামবাসীদের বাধায় অস্ত্র ফেলে পলায়ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভূখণ্ড অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ। এ সময় স্থানীয় জনগণের বাধার মুখে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় তারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আহবানে অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উদ্ধারকৃত অস্ত্র ও ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বনচৌকি বিওপির সীমান্ত পিলার ৯০৭/২-এস এর কাছে কাঁটাতারবিহীন জিরো লাইনে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সাথে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের তিন জওয়ানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিজিবিকে না জানিয়ে বিএসএফ সদস্যরা বেআইনিভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেয় এবং দুর্ঘটনাস্থলে আরও মানুষ জড়ো হতে থাকে। সংঘবদ্ধ এলাকাবাসীর তীব্র বাধার মুখে বিএসএফ সদস্যরা বিচলিত হয়ে পড়ে এবং সাথে থাকা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে দ্রুত ভারতের ভূখণ্ডে পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে বিওপিতে নিয়ে আসে। ঘটনার পর পরই ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের কাছে অবৈধ অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানান ও ঘটনার কারণ জানতে চান। সেই সাথে অনতিবিলম্বে পতাকা বৈঠকের আহ্বান জানান।

বিজিবির আহবানে সাড়া দিয়ে ওই দিনই সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এস এর কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম ও স্থানীয় বেসামরিক নাগরিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর বিষয়টি কঠোর ভাষায় তুলে ধরা হয়। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য বিজিবির কাছে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার এবং জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে বিজিবির উদ্ধার করা ০২টি শর্টগান ও ০১টি ওয়াকিটকি সেট নির্ধারিত সরকারি ও প্রশাসনিক প্রক্রিয়া মেনে বিএসএফ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]