নানা সীমাবদ্ধতার মধ্যেও নেত্রকোণা পৌরসভা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছে নেত্রকোনা পৌর সভা । পর্যাপ্ত ময়লা পরিবহনকারী যানবাহন ও সীমিত জনবল থাকা সত্ত্বেও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে যাচ্ছেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলেও জনবল ও যানবাহনের সীমাবদ্ধতার কারণে অনেক সময় দ্রুততার সঙ্গে সব এলাকার বর্জ্য অপসারণ করা সম্ভব হয় না। এর মধ্যেও পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। শহরকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব পরিচ্ছন্নতাকর্মীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা পৌর প্রশাসক ।
তাঁদের মতে, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ ও পরিশ্রমসাধ্য কাজের মাধ্যমে নাগরিকদের সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অবদান রাখছেন। তবে শুধু পৌরসভার একার প্রচেষ্টায় একটি শহরকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থান বা ডাস্টবিনে বর্জ্য ফেলা, ড্রেন ও রাস্তায় ময়লা না ফেলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভাকে সহযোগিতা করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে, সীমিত জনবল ও যানবাহন নিয়েই পরিচ্ছন্নতা কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। নাগরিকদের সহযোগিতা পাওয়া গেলে এ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে। সচেতন নাগরিকরা বলছেন, পরিচ্ছন্ন শহর শুধু পৌরসভার দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। নাগরিকদের দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং পৌরসভার নিয়মিত কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নেত্রকোণা গড়ে তোলা সম্ভব।
কুশল/সাএ
সর্বশেষ খবর