ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও মাদক বিক্রির ৯ হাজার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ময়মনসিংহ নগরের কোতোয়ালি মডেল থানাধীন ঢাকা বাইপাস মোড় এলাকায় ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালাইচি পাড়ার রাজেশ চৌহান (৪৫) এবং ময়মনসিংহ নগরের সুতিয়াখালী এলাকার মো. রুহুল আমিন (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর