বগুড়ার শেরপুরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা বৃত্তি পুনর্প্রবর্তন এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পরিষদের সামনে আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ প্রায় সব ক্ষেত্রেই পিছিয়ে আছেন। বগুড়ার শেরপুরে তুরি, মাহাতো, বাগদী, সাঁওতাল, ভূমিজ, তেলী, বর্মণ, কোচ, মুসহর ও গঞ্জুসহ ১৫টিরও বেশি আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস। অথচ তাদের নিজস্ব সংস্কৃতি চর্চা ও সংরক্ষণের জন্য কোনো কালচারাল একাডেমি নেই। বক্তারা দ্রুততম সময়ে সমতলের আদিবাসী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা বৃত্তি চালু এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
একই সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির বর্তমান বৈধ কাঠামো বহাল থাকা সত্ত্বেও অসাংগঠনিকভাবে ‘নতুন কমিটি’ গঠনের অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হয় মানববন্ধনে।
উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভর, বগুড়া জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভর এবং সাধারণ সম্পাদক সাগর কুমার সিং। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং বাবু, সহসভাপতি যুগেশ সিং, সদস্য কমল সিং, শেরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন সিং, সাধারণ সম্পাদক হিরালাল সিং, নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, শেরপুর উপজেলার উপদেষ্টা রাশেদুল ইসলাম ও আদিবাসী নেতা সুবধন চন্দ্র সরকার। এ ছাড়া আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সিনিয়র সহসভাপতি উত্তম কুমার সিং, সাংগঠনিক সম্পাদক শ্রী নিত্য মালো, উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি বিপ্লব কুমার মাহাতো ও সহসভাপতি সোহাগ কুমারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আদিবাসী নেতারা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর