বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বরগুনার পাঁচ জেলের মধ্যে সাইকুল মীর নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ডুবে যাওয়া ‘এফবি বরকত’ ট্রলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করেন ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দলের সদস্যরা। বুধবার সকালে মরদেহটি পাথরঘাটায় আনা হয়। সাইকুল মীর পাথরঘাটা উপজেলার গহরপুর এলাকার বাসিন্দা।
উদ্ধারকারী দলের সদস্য শাকিল জানান, প্রবল স্রোতের কারণে ডুবে যাওয়া ট্রলারের ভেতরে তল্লাশি চালানো সম্ভব হয়নি। ট্রলারের মালিক মো. আশরাফও জানান, ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরার সময় ‘এফবি বরকত’ ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে উদ্ধার করা হয়। সাইকুল মীরের মরদেহ উদ্ধারের পর এখনো চার জেলে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ চার জেলে হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর