বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত এক যানবাহনের পিছন থেকে ধাক্কায় আলতাফুন্নেসা (৬৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তাঁর ছেলে ও নাতি গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফুন্নেসা জয়পুরহাট জেলার শেখপাড়া দেবীপুর এলাকার মৃত মোজাফ্ফরের স্ত্রী। দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন নিহতের ছেলে মো. মাহবুব (৫০) ও নাতি সোহাগ (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাতে আলতাফুন্নেসা তাঁর ছেলে ও নাতিকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে একটি ভাড়াচালিত প্রাইভেটকারে জয়পুরহাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে প্রাইভেটকারটি শেরপুরের ঘোগা ব্রিজে ওঠার সময় পিছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। কারের ভেতরে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আলতাফুন্নেসার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক যানবাহনটিকে শনাক্তের চেষ্টা চলছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর