গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচল উপশহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক, দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বরগুনা জেলার তালতলী থানার ছোটবাগী গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৪৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে রবিন (৩৫)। তারা উভয়েই বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বসবাস করছিলেন।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফায়জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিল। গভীর রাতে (২৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টা ০৫ মিনিটে) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কালীগঞ্জের নাগরীর বাসাবাসি এলাকার পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব দিকে সার্ভিস লেনে অবস্থানরত একটি ট্রাকের ভেতর কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধাওয়া দিয়ে বিল্লাল ও রবিন নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের নম্বরবিহীন একটি অশোক লেল্যান্ড ট্রাক জব্দ করে। এছাড়া তল্লাশি চালিয়ে একটি আলাদা নম্বর প্লেট (ঢাকা মেট্রো-ট-২৪-০২৩১), ৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বড় কাটার, ১২ ইঞ্চি স্লাইস রেঞ্জ (পাইপ রেঞ্জ), ২৩ ইঞ্চির চ্যাপ্টা লোহার রড, বিভিন্ন আকারের প্যাঁচানো ও বাঁকানো লোহার রড, ৩৬.৫ ইঞ্চি লোহার পাইপ এবং ১৩ ইঞ্চির একটি কাঠের বাটযুক্ত ধারালো কাস্তে উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, পূর্বাচল ও আশপাশের মহাসড়কগুলোতে অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক সতর্ক রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের দল। তারা রাতের আঁধারে মহাসড়ক ও নির্জন এলাকায় বড় ধরনের ডাকাতি সংঘটনের পরিকল্পনা করছিল। তাদের সঙ্গে থাকা পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান চলমান থাকবে।"
এ ঘটনায় কালীগঞ্জ থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর