আগামী নভেম্বরে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ অভিন্ন আগ্রহ প্রকাশ করে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর