দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন। ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বেসিস নির্বাচন বোর্ড। তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন।
সভাপতি পদে চার প্রার্থী
সভাপতি পদে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং এ কে এম আশরাফ উদ্দিন।
সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন সাইফুল ইসলাম সিদ্দিক, নূর মাহমুদ খান ও আনিসুল হক ভূঁইয়া।
সহসভাপতি (অ্যাডমিন) পদে রয়েছেন রিয়াদ হাসনাইন ও মো. মুসনাদ এ আহমেদ। আর সহসভাপতি (ফাইন্যান্স) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানিয়া সুলতানা, তৌফিকুল করিম ও তানজিল আবেদিন।
পরিচালক পদে সবচেয়ে বেশি প্রার্থী
পরিচালক (সাধারণ) পদে প্রাথমিক তালিকায় রয়েছেন ১০ জন। তারা হলেন—মো. জুয়েল, সুমন মোহাম্মদ তারেক, আপেল মাহমুদ খান, মো. আবদুর রাজ্জাক, দেলোয়ার আলম, আরেফিন রাফি আহমেদ, আবদুল্লাহ আল মামুন, ফেরদৌস আলম, মো. রাশেদুল ইসলাম ও মো. ফুয়াদ হাসান।
এ ছাড়া পরিচালক (সহযোগী) পদে প্রার্থী হয়েছেন সৈয়দ শফিকুল আলম, মো. জুবায়ের ও আহমেদ আরমান সিদ্দিকী।
পরিচালক (অ্যাফিলিয়েট) পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সুমাইয়া ইসলাম।
সেপ্টেম্বরে চূড়ান্ত প্রার্থী তালিকা
নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপত্তি ও আপিলের প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর। এরপর ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বেসিসের এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম।
বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু শোম মহান এবং উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর