গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে আব্দুল মজিদ (৬৫) নামের এক কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাই মোজাম্মেলের বিরুদ্ধে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর বাজারে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুল মজিদ কালীগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত আলকু মোরেলের ছেলে। অভিযুক্ত ঘাতক মোজাম্মেল একই এলাকার নোয়াব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ৭ দিন আগে অভিযুক্ত মোজাম্মেল তার স্ত্রী ও নিহতের মেয়ে শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এর জেরে শুক্রবার বিকেলে মোজাম্মেল তার শ্বশুর আব্দুল মজিদকে ‘কথা আছে’ বলে ফোন করে জামালপুর বাজারে ডেকে নেন। বাজারে পৌঁছানোর পর উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মোজাম্মেল তার সাথে থাকা ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথার পেছনে সজোরে কোপ দিয়ে দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, আব্দুল মজিদকে মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্ত ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর