সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৬৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন।
এদিকে একই সময়ে নতুন করে ৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৮৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এতে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর