বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার বহুল আলোচিত মামলায় নতুন মোড় এসেছে। গত বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে ছুরিকাঘাতের শিকার হওয়া এই অভিনেতার মামলায় অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে দোষ স্বীকারের ইচ্ছা প্রকাশ করেছেন এবং দয়া প্রার্থনা করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে থাকা শরিফুল আদালতে একটি আবেদন জমা দেন। আবেদনে তিনি অপরাধ স্বীকারের আগ্রহ প্রকাশের পাশাপাশি আদালতের কাছে দয়া কামনা করেন। বিষয়টি নিয়ে আদালত সরকারি কৌঁসুলির (পিপি) মতামত চেয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর।
এরই মধ্যে অতিরিক্ত দায়রা জজ জি.পি. দেশমুখ অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন। শরিফুলের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্রসহ ডাকাতির চেষ্টা, গুরুতর আঘাত এবং অবৈধভাবে বাসভবনে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বিদেশি আইন ও পাসপোর্ট-সংক্রান্ত বিধিমালার বিভিন্ন ধারাতেও তার বিরুদ্ধে মামলা চলছে।
ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৬ জানুয়ারি। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে এক যুবক সাইফ আলি খানের বান্দ্রার বাসায় অনধিকার প্রবেশ করে। তিনি বাথরুমের পথ ব্যবহার করে অভিনেতার ছোট ছেলে জেহর কক্ষে ঢুকে পড়েন। সন্তানদের রক্ষা করতে গিয়ে হামলাকারীর মুখোমুখি হন সাইফ। এ সময় অভিযুক্ত তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
হামলায় গুরুতর আহত সাইফকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ছুরির একটি ভাঙা অংশ বের করতে হয়। প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা।
ঘটনার তদন্তে ভারতের মহারাষ্ট্রের থানে এলাকা থেকে মোহাম্মদ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় মুম্বাই পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শরিফুল বাংলাদেশি নাগরিক। তিনি কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে অবস্থান করছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর