• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’: প্রিয়ন্তী উর্বী

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে নারী শিল্পীদের নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের ঘটনা নতুন নয়। ছবি বা ভিডিও পোস্ট করলেই অনেক সময় নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয় তাদের। এ নিয়ে বিভিন্ন সময় অনেক শিল্পী প্রতিবাদ জানালেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।

এবার এমন ঘটনার শিকার হয়েছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তার একটি ভিডিওর কমেন্ট বক্সে পোশাক ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন অনেকে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৮ আগস্ট) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন প্রিয়ন্তী। ভিডিওতে জার্মানির একটি বিশেষ রিসোর্টের দৃশ্য তুলে ধরেন তিনি। জাহাজের কনটেইনারকে আকর্ষণীয় থাকার জায়গায় রূপান্তর করে তৈরি করা হয়েছে রিসোর্টটি। ভ্রমণের সময় সফরসঙ্গীদের সঙ্গে সেখানে অবস্থান করেন প্রিয়ন্তী। ভিডিওতে সেই কনটেইনারের ভেতর ও বাইরের বিভিন্ন দৃশ্য দেখান তিনি।

ভিডিওটির কমেন্ট বক্সে তার পোশাক ও শরীর নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়। এর প্রতিক্রিয়ায় শনিবার (২৯ আগস্ট) এক বার্তায় প্রিয়ন্তী বলেন, এসব মন্তব্য পড়ে তিনি অস্বস্তি ও হতাশায় পড়েছেন। কারও শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে অন্যের সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রিয়ন্তী বলেন, ‘কিছু মানুষের মন্তব্য পড়ে আমি সত্যি খুব অস্বস্তিতে পড়েছি। একটা মেয়ের শরীর, পোশাক, ব্যক্তিগত জীবন নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, আমি জানি না। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার শরীর, আমার পোশাক, আমার ফেসবুক প্রোফাইল—এসব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই। ভালো না লাগলে দেখবেন না, পছন্দ না হলে আনফলো করবেন।’

আপত্তিকর মন্তব্যগুলোর স্ক্রিনশটও সংগ্রহ করেছেন বলে জানান অভিনেত্রী। তিনি লেখেন, মন্তব্যকারীদের পরিবার, স্ত্রী, প্রেমিকা কিংবা কাছের মানুষদের কাছে এসব স্ক্রিনশট পাঠানোর কথাও তার মাথায় এসেছে।

তার ভাষ্য, ‘অনেক সময় মানুষ নিজের মা-বোন-স্ত্রীকে সামনে রেখে যে ভাষায় কথা বলে না, সোশ্যাল মিডিয়াতে অন্য একটা মেয়েকে নিয়ে সেই ভাষাই ব্যবহার করে।’

সামাজিক মাধ্যমে নারীদের প্রতি এমন আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উর্বী প্রশ্ন তোলেন, ‘এই দেশের মেয়েদের ভবিষ্যৎ কী? আমরা আমাদের ছেলে-মেয়েদের কী শেখাচ্ছি? যাদের অনেকেই স্কুল-কলেজে পড়ে, তাদের কাছ থেকে যদি একজন মেয়েকে নিয়ে এমন ভাষা শুনতে হয়, তাহলে সত্যিই ভয় লাগে।’

নিজের হতাশার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে সত্যিই মনে হয়, জন্মের আগে আমি কী এমন পাপ করেছিলাম যে, আমার জন্ম বাংলাদেশে হলো? কথাটা হয়তো রাগ আর কষ্ট থেকে বলছি, কিন্তু কিছু মন্তব্য পড়ে নিজের দেশ আর সমাজ নিয়ে খুব অসহায় লাগে।’

তিনি মন্তব্যকারীদের জন্য দোয়া করে বলেন, ‘আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দিন এবং আমাকে কখনো তাদের মতো হওয়ার থেকে রক্ষা করুন। কারণ এসব মন্তব্য পড়তে আমার নিজেরই লজ্জা লাগে, ঘৃণা লাগে, খুব অস্বস্তি লাগে।’

সবশেষে অনুসারীদের উদ্দেশে প্রিয়ন্তী বলেন, তার ফেসবুক প্রোফাইলে কী পোস্ট করবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি লেখেন, ‘ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। এতটুকু সম্মান আমি আশা করি। সত্যি বলতে, এমন ভক্ত বা ফলোয়ার আমার দরকার নেই, যারা আমাকে ফলো করবে শুধু আমার শরীর, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। এমন ফলোয়ার থাকার চেয়ে না থাকাই আমার কাছে ভালো।’

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনয়ে অভিষেক হয় প্রিয়ন্তী উর্বীর। এরপর বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]