আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের এস্টেট ও ভূমি শাখার বিভিন্ন সেবা ডিজিটাল মাধ্যমে পাওয়া যাবে। সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
রাজউকের পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, "ই-প্লট/ফ্ল্যাট ম্যানেজমেন্ট সিস্টেম" নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব প্রকল্পের বাসিন্দা ও গ্রাহকরা প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এর আওতায় থাকছে উত্তরাধিকারসূত্রে নামজারির আবেদন, হস্তান্তর কিংবা দান (হেবা) অথবা বণ্টনসূত্রে নামজারির অনুমোদন, এবং প্লট হস্তান্তর, দানপত্র, হেবা দলিল বা বণ্টন দলিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত অনুমতি প্রদানের প্রক্রিয়া।
এ ছাড়া প্লট বা ফ্ল্যাট হস্তান্তর, দানপত্র ও বণ্টনের অনুমোদন, আম-মোক্তারনামা অনুমোদন ও বাতিলকরণ, ঋণ গ্রহণের জন্য প্রয়োজনীয় অনাপত্তি সনদ প্রদান, উত্তরাধিকারসূত্রে সংশোধিত বরাদ্দপত্র ইস্যু করা, জামানতের অর্থ ফেরত এবং প্লট বা ফ্ল্যাটের দখল গ্রহণ কিংবা ভূতাত্ত্বিক জরিপ পত্র সংক্রান্ত আবেদনও এখন থেকে অনলাইনেই গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
সেবাপ্রত্যাশীদের www.epms.rajuk.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছে রাজউক। এই ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা নিজেদের আবেদনের অগ্রগতি সরাসরি অনলাইনে পর্যবেক্ষণ করতে পারবেন, পাশাপাশি নথি নিষ্পত্তির পর সংশ্লিষ্ট কাগজপত্র ডাউনলোডের সুযোগও পাবেন।
এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাসিন্দাদের সরাসরি রাজউক কার্যালয়ে গিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে ঘরে বসেই বিভিন্ন প্রশাসনিক সেবা নেওয়ার পথ সুগম হবে বলে আশা করা যাচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর