বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের জারি করা নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় কুমিল্লার বুড়িচংয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
অভিযানের সময় রাত ৮টার পরও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় বুড়িচং ওয়ালটন প্লাজা ও ভিশন ইলেকট্রনিককে জরিমানা করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মো. দেলোয়ার হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং বুড়িচং থানার এসআই মো. জয়নাল আবেদীন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর