জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা। জলবায়ুর প্রভাবে আবহাওয়া পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণে দিন দিন হুমকির মুখে পড়ছে প্রকৃতি। সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।
এমপি মো: শাহজাহান বলেন, ক্লাইমেট চেঞ্জের ফলে যে বিরূপ প্রভাব, তা মোকাবিলা করতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের পরিচর্যা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। গাছ মানুষের জন্য শুধু অক্সিজেনের উৎস নয়। পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নগরায়নের বিস্তার, অপরিকল্পিতভাবে গাছ কাটা এবং জলাশয় ও সবুজ কমে যাওয়ায় পরিবেশের ওপর বাড়ছে চাপ। এ পরিস্থিতিতে বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব থেকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এই কাজে এগিয়ে আসতে হবে। একটি গাছ একটি পরিবারের, একটি সমাজের এবং সর্বোপরি দেশের ভবিষ্যতের জন্য সম্পদ।
নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশ, জেলা বিএনপি সদস্য ভিপি জসিম উদ্দিন ও সদস্য শহীদুল ইসলাম কিরণসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর