শিক্ষার্থীদের উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতৃবৃন্দ যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন।
নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারেই বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “একটি ২১ বছরের বিশ্ববিদ্যালয় দুইজন ডাক্তার দিয়ে চলে—এটা তো হতে পারে না।”
তিনি বলেন, জকসুর দেওয়া মেশিনগুলো কীভাবে ব্যবহার ও পরিচালনা করা হবে, সে বিষয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি মেডিকেল সেন্টারে চক্ষু ও ডেন্টাল সেকশন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
জকসুর ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মেডিকেল সেন্টারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে দুইজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত চক্ষু ও দাঁতের চিকিৎসাসেবাও চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ জানান, নতুন ল্যাবে প্রায় ১৩ ধরনের ইকুইপমেন্ট রয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হয়েছে। নতুন ল্যাব ও প্রয়োজনীয় জনবল যুক্ত হওয়ার মাধ্যমে মেডিকেল সেন্টারের দীর্ঘদিনের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর