সরকারের বিরুদ্ধে নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ দূর করার দাবিতে ১১ দলীয় ঐক্য জোট লংমার্চ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চে অংশ নিতে গাড়িবহরের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘এই লংমার্চ সরকার পতনের জন্য নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে এই কর্মসূচি পালন করবে।’
জামায়াতের এই নেতা জানান, শুক্রবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর পূর্বনির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা করা হবে।
লংমার্চের পথে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চ সফল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করে গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর থেকেই বিরোধী দল জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দলের সবচেয়ে বড় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া উচিত। এর মাধ্যমে সরকার জনগণের আস্থা ধরে রাখতে পারবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর