মেক্সিকোর একটি অভিজাত এলাকার অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় ব্যান্ডের কীবোর্ডবাদক জোনাথন মেলেনদেজ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যাসন্তান, এক গৃহকর্মী ও তাদের পোষ্য কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটে। খবর সিএনএনের।
স্টেট অব মেক্সিকো অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহত জোনাথন মেলেনদেজের বয়স ৩৮ বছর। তার স্ত্রী আনা পাওলার বয়স ৩৫ বছর এবং তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত অপর নারী ২১ বছর বয়সী আলেইদা রোমেরো ভিক্তোরিও ওই দম্পতির গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
তদন্তকারীরা জানান, নিহতদের মধ্যে তিনজনের মাথায় এবং একজনের পিঠে গুলির আঘাত পাওয়া গেছে। নিহতদের দুজনের হাত বাঁধা ছিল। পোষ্য কুকুরটির পাও বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
তবে ঘটনাস্থল থেকে ছয় বছর বয়সী একটি শিশুকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।
জোনাথন মেলেনদেজের মৃত্যুতে তার ব্যান্ড ‘কাসেম সেপ্টিমো’ শোক প্রকাশ করেছে। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি জানায়, তারা জোনাথনকে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
হত্যাকাণ্ডের তদন্তে নেমে বুধবার (২ সেপ্টেম্বর) যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, মেলেনদেজের পরিচিত ডিয়েগো সেবাস্তিয়ান ‘এন’-কে হত্যাকাণ্ডের সম্ভাব্য মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। জেরার্দো ‘এন’ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্ত চলছে।
মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমর গার্সিয়া হারফুচ জানান, সন্দেহভাজনদের একজন ভুক্তভোগীদের সঙ্গে পূর্বপরিচিতির সুযোগ নিয়ে অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিলেন।
প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও পরিস্থিতি এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর