পরিচালক আতিক সজলের সামাজিক কমেডি ও বাস্তবধর্মী নাটক ‘ডা: আপদ’ মুক্তির পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি ইউটিউবে ১২ লাখের বেশি ভিউ অতিক্রম করেছে।
শুক্রবার দুপুরে নাটকটির পরিচালক আতিক সজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে ‘জি সিরিজ বাংলা ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অল্প সময়ের মধ্যে ১২ লাখ ভিউয়ের মাইলফলক অতিক্রম করায় উচ্ছ্বসিত নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্পীরা।
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, এশা, রেজাউল, হাবিবুর রহমান, হাসিমুন, ফরহাদ, শিমুল, হাসান ও মালেকাসহ আরও অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন শামসুল ইসলাম লেলিন।
নাটকটি প্রসঙ্গে পরিচালক আতিক সজল বলেন, “বিনোদন হচ্ছে মনের খোরাক। আর নাটক বিনোদনের অন্যতম একটি মাধ্যম। নাটক দেখে দর্শকরা যখন বিমোহিত হন, তখন সেখানেই একজন পরিচালকের সার্থকতা। আশা করছি, নাটকটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করেছে। সামনে এটি আরও সাড়া ফেলবে বলে আমি আশাবাদী।”
মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ১২ লাখের বেশি ভিউ নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ খবর