ঝিনাইদহের শৈলকূপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষকরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সার সংগ্রহের জন্য তারা গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার মেসার্স শুভ এন্টারপ্রাইজে যান। এ সময় ডিলারের লোকজন সার দেওয়া হবে না বলে জানালে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ কৃষকরা তাৎক্ষণিকভাবে গাড়াগঞ্জ-শৈলকূপা সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার সরবরাহের আশ্বাস দেন। পরে কৃষকরা অবরোধ তুলে নেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পরে কৃষকরা সার পাওয়ার পর অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, মেসার্স শুভ এন্টারপ্রাইজের মালিক শৈলকূপা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি বর্তমানে নাশকতার মামলায় কারাগারে আটক রয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর