এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৬ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ১৭০ জন। এ ছাড়া খুলনায় ১৬৩, চট্টগ্রামে ১২৩, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯ এবং রংপুর বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৮ হাজার ১৭৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৭৪০ জন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর