উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে তথ্য ও প্রস্তুতিমূলক দিকনির্দেশনা দিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল ২০২৬ (সিজন-১)’ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (কেইউআরএস) উদ্যোগে গত ৪ ও ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ফেস্টিভ্যালের সমাপনী দিনে আয়োজিত ফরমাল সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষাজীবনে মানসম্মত গবেষণাপত্র প্রকাশ করতে পারলে তা ভবিষ্যতে আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষা ও গবেষণার আধুনিক সুযোগ-সুবিধার গুরুত্বের কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং অন্যান্য অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, ক্রিটিক্যাল থিংকিং, ইংরেজি দক্ষতা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
কেইউআরএসের সভাপতি চয়ন বক্সী বলেন, “আন্তর্জাতিক স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ থাকলেও সঠিক তথ্য ও প্রস্তুতির অভাবে অনেকেই সুযোগগুলো কাজে লাগাতে পারেন না। সেই জায়গা থেকেই শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে এনে প্রয়োজনীয় তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে কেইউআরএস-এর উপদেষ্টা প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইয়াছিন আহমেদ ও সভাপতি চয়ন বক্সীসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী ফেস্টিভ্যালে Erasmus Mundus, Commonwealth, DAAD, Australia Awards এবং জাপান সরকারের MEXT স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ও প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্টেটমেন্ট অব পারপাস (SOP), রিকমেন্ডেশন লেটার (LOR) ও একাডেমিক সিভি তৈরির বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর