হলিউডে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। মাত্র ৩০ বছর বয়সেই তিনি সর্বকালের সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসে নজির গড়েছেন। এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাঁর সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
মার্ভেল ফ্র্যাঞ্চাইজির এই ছবিটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে টানা পাঁচ সপ্তাহ ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। সর্বশেষ সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে প্রায় ২৩.২ মিলিয়ন ডলার আয় করেছে এটি।
সব মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর বিশ্বব্যাপী আয় এখন প্রায় ২.৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই এসেছে প্রায় ৮৯১ মিলিয়ন ডলার। এই সাফল্যের সুবাদে টম হল্যান্ড বক্স অফিস ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে সর্বোচ্চ আয়কারী তারকাদের শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তাঁর অবস্থান জো সালডানা ও স্কারলেট জোহানসনের পরেই।
ছবিটির এই বিশাল আয়ের ফলে জেমস ক্যামেরনের বহুল আলোচিত ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’–কেও ছাড়িয়ে গেছে স্পাইডার-ম্যানের নতুন অভিযান। অবতার ২-এর বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ২.৩২ বিলিয়ন ডলার, যা এখন অতিক্রম করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

ফলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে টম হল্যান্ডের এই ছবি। তালিকার শীর্ষে রয়েছে ২.৯২ বিলিয়ন ডলার আয় করা ‘অবতার’, দ্বিতীয় স্থানে ২.৭৯ বিলিয়ন ডলার নিয়ে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং ‘টাইটানিক’।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে পিটার পার্কার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া টম হল্যান্ডের এই নতুন অর্জন প্রমাণ করে, তাঁর বক্স অফিস আধিপত্য এখনো থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর