জরুরি বিল বা ফি পরিশোধের সময় টাকার সংকট হলে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন গ্রাহকরা। এ ঋণের জন্য কোনো সুদ দিতে হবে না। তবে ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী নির্ধারিত মাশুল দিতে হবে।
‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এ ঋণ সুবিধা চালুর জন্য নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেন উৎসাহিত করা এবং গ্রাহকের সাময়িক অর্থসংকট মেটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সুবিধার আওতায় বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন পরিষেবার বিল, মোবাইল ফোন রিচার্জ, শিক্ষা ফি, চিকিৎসা ব্যয়, সঞ্চয়ের কিস্তি ও বীমার প্রিমিয়াম, ভ্রমণ ব্যয়, কর এবং সরকারি সেবার ফি পরিশোধ করা যাবে।
তবে ঋণের অর্থ নগদে তোলা যাবে না। ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট সেবাদাতা বা বিল গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছে অর্থ পরিশোধ করতে হবে। ঋণের টাকা গ্রাহকের ব্যক্তিগত ব্যাংক হিসাব বা ডিজিটাল ওয়ালেটেও জমা হবে না।
কত টাকা ঋণ ও মাশুল কত
একজন গ্রাহক ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের মেয়াদ হবে ৭, ১৫ অথবা সর্বোচ্চ ৩০ দিন। ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ মাশুল নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঋণের পরিমাণ ৭ দিন ১৫ দিন ৩০ দিন
৫০–২৫০ টাকা ৩ টাকা ৪ টাকা ৬ টাকা
২৫১–৫০০ টাকা ৫ টাকা ৮ টাকা ১৫ টাকা
৫০১–১,০০০ টাকা ৭ টাকা ১২ টাকা ২০ টাকা
১,০০১–২,০০০ টাকা ১০ টাকা ২০ টাকা ৩০ টাকা
২,০০১–৩,০০০ টাকা ১৫ টাকা ৩০ টাকা ৫০ টাকা
৩,০০১–৫,০০০ টাকা ২০ টাকা ৪০ টাকা ৭০ টাকা
৫,০০১–৭,০০০ টাকা ২৫ টাকা ৫০ টাকা ৯০ টাকা
৭,০০১–১০,০০০ টাকা ৩৫ টাকা ৭০ টাকা ১৩০ টাকা
যেভাবে পাওয়া যাবে
ব্যাংকের অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঋণের জন্য আবেদন করা যাবে। আবেদনের সময় গ্রাহককে ডিজিটাল পদ্ধতিতে সম্মতি দিতে হবে। নিবন্ধিত মোবাইল ফোন নম্বর ব্যবহার করে গ্রাহকের পরিচয় যাচাই করা হবে।
তবে ঋণ দেওয়ার আগে ব্যাংকগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী গ্রাহকের যোগ্যতা যাচাই করতে পারবে। একই সঙ্গে গ্রাহকের ঝুঁকি বিবেচনায় ঋণের সীমা নির্ধারণের সুযোগও থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো প্রথমে ছয় মাস পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করবে। এরপর নিয়মিতভাবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর