৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় শেখ মিশা খাতুন (২৭) নামের এক তরুণী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ মিশা খাতুনের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা থেকে ঢাকায় আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তার অকালমৃত্যুতে বিএসটিআই পরিবার গভীরভাবে শোকাহত।
এদিকে শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এক শোকবার্তায় ডাকসু জানায়, কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের স্বপ্ন ও ভবিষ্যৎকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নিতে ঢাকায় আসছিলেন তিনি। কিন্তু তার সেই যাত্রাই হয়ে উঠেছে জীবনের শেষ যাত্রা।
শোকবার্তায় আরও বলা হয়, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় তরুণের এভাবে অকালে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে।
জানা গেছে, শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষে ২০২৫ সালে তিনি বিএসটিআইয়ের পরীক্ষক (রসায়ন) পদে যোগ দেন। চাকরির পাশাপাশি তিনি ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভাইভায় অংশ নিতে ঢাকায় আসার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর