ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইলের বিরুদ্ধে। এ ঘটনায় ইসমাইলকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মামলায় রাজু ও শাওন নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এরপরই ইসমাইলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। ইসমাইল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে ফয়সাল নামে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বর্তমানে তারা আলাদা থাকছেন।
কিশোরীর অভিযোগ, প্রায় এক মাস আগে ইসমাইলের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় ইসমাইল নিজেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে কল করে তাকে একটি ক্লাবের সামনে যেতে বলা হয়। সেখানে গিয়ে ক্লাবটি বন্ধ দেখতে পেয়ে ফোন করলে রাজু তাকে ক্লাবের নিচ থেকে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান বলে অভিযোগ করেন ওই কিশোরী।
তার দাবি, বাসায় যাওয়ার পর সেখানে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। একপর্যায়ে স্বামীকে তালাক দিতে টাকা প্রয়োজন বলে জানানো হয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিকভাবে হেনস্তা করা এবং ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
কিশোরীর অভিযোগ, ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাত আনুমানিক ১১টার দিকে একটি কক্ষে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর