বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ফলপট্টিতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার গাড়িদহ গ্রামের দিপু (২২) ও সোহান (২১)। তবে আহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দিপু ও সোহান মোটরসাইকেল নিয়ে ধুনট মোড় থেকে নিজ গ্রাম গাড়িদহের দিকে ফিরছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-বগুড়া মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার ফলপট্টি পৌঁছালে এক পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করেন।
এ সময় মোটরসাইকেলটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ওই পথচারীকে সজোরে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কে ছিটকে পড়েন তিনজনেই। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। ধাক্কা খাওয়া পথচারী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর