ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় হামলার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। তিনি জানান, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত ও হেনস্তা করা হয় এবং তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়।
বাঁধন জানান, ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। তার অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালও করা হয়। তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন বাঁধন। তার দাবি, ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা করতে দেখা যাচ্ছে।
ভিডিওবার্তায় বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
এ ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার অনুরোধও জানান বাঁধন। তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনার তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’
রাকিবের নিন্দা
বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে লেখেন, ‘ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও লেখেন, ‘একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি।’
রাকিব বলেন, ‘সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনও সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।’
ফরহাদের প্রতিবাদ
অন্যদিকে, বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
ফরহাদ তার পোস্টে লেখেন, ‘ইতালিতে জুলাইয়ের সহযোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে ইতালির সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে এই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে মেস্ট্রেতে অবস্থান করছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটির চারটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।
সাজু/নিএ
সর্বশেষ খবর