• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ রাত
 ব্রিকস সম্মেলন

তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত।

নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। উদীয়মান বাজার অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি ফোরাম হিসেবে এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ব্রিকসের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও তারেক রহমান সেখানে অংশ নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’

তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রণালয় সময়মতো হালনাগাদ তথ্য জানাবে। এ বিষয়ে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ কিংবা বাংলাদেশে দণ্ডিত শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।

তিনি বলেন, বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের পারস্পরিক সম্পর্ক, জনগণের মধ্যে যোগাযোগ এবং ভবিষ্যতে এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জয়সওয়ালের ভাষ্য অনুযায়ী, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু নির্দিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

আন্তঃসীমান্ত ট্রেন নিয়েও ‘নতুন তথ্য নেই’

দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও জানতে চান সাংবাদিকরা।

জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

ভারত-চীন সম্পর্ক ইতিবাচক পথে

এদিকে ভারত-চীন সম্পর্ক নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে।

গত ৬ ও ৭ সেপ্টেম্বর চীন-ভারত সীমান্তের অরুণাচল প্রদেশের ওয়াচা-দামাই সীমান্ত মিলনস্থলে দুই দেশের প্রথম কোর কমান্ডার-স্তরের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের এসএএফ গেমসে ভারতের অংশগ্রহণ

পাকিস্তানে ২০২৭ সালের দক্ষিণ এশীয় ফেডারেশন (এসএএফ) গেমসে ভারতের অংশগ্রহণের বিষয়েও বক্তব্য দেন জয়সওয়াল।

তিনি বলেন, আন্তর্জাতিক বা বহুপাক্ষিক যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ ক্রীড়া মন্ত্রণালয় ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর নির্দেশিকা এবং ভারতীয় ক্রীড়াবিদদের স্বার্থও বিবেচনায় নেওয়া হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]