বগুড়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন।
নিহত কয়েদির নাম শ্রী ভুলু সরকার। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়ার মৃত অজিত সরকারের ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (কয়েদি ৯৪০৭/এ) মৃত্যু হয়। এর আগে রোববার বিকেলে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. আসাদুর রহমান।
নিহতের পরিবার জানায়, গত ৩ সেপ্টেম্বর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ভুলু সরকারকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। স্বজনদের ভাষ্যমতে, ভুলু সরকার দীর্ঘদিনের মাদকাসক্ত ছিলেন। তিনি নিজের শরীরের রক্ত বিক্রি করে সেই টাকায় মাদক সেবন করতেন। মাসে কয়েক দফায় রক্ত বিক্রি করে তিনি অর্থের জোগান দিতেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, কয়েদি ভুলু সরকার তীব্র রক্তশূন্যতায় ভুগছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর