জামালপুরের সরিষাবাড়ীতে একটি মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর বাদীপক্ষকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর ঈদগাহ মাঠ এলাকায় মৎস্যজীবী শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের উদ্যোগে পৈতৃক বসতভিটায় বসবাসের অধিকার ও নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, প্রতিপক্ষ সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকসহ কয়েকজন হামলা, বসতঘর ভাঙচুর, লুটপাট ও মারধরের মামলায় জামিনে বেরিয়ে এসে বাদীপক্ষকে এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাদ্দাম হোসেন বলেন, মানববন্ধনের ব্যানারে মনগড়া অভিযোগ তুলে জামিনপ্রাপ্ত আসামিদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, আব্দুর রাজ্জাক দাবি করেন, বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শফিকুল ইসলামের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ঘটিয়ে তাঁদের ওপর দায় চাপাচ্ছেন। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
শফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দিয়েছেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই তাঁরা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর বেপারীপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম (৫৬) ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। আসামিরা জামিনে এসে কোনো হুমকি-ধমকি দিয়ে থাকলে বাদীপক্ষ আইনজীবীর মাধ্যমে বিষয়টি আদালতকে অবহিত করতে পারেন। আদালত নির্দেশ দিলে পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে। তবে এ ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত থানায় আসেনি।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর