জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার কয়েকটি বড় নগরী। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান আলফা জিও প্রকাশিত এক মূল্যায়নে দেখা গেছে, জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলার সক্ষমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা ছয়টি শহরের সবকটিই দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
৭২টি বড় শহর নিয়ে তৈরি সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ভারতের আহমেদাবাদ। তালিকার অন্য শহরগুলো হলো পাকিস্তানের হায়দরাবাদ, মুলতান ও লাহোর, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ভারতের কলকাতা। এর মধ্যে কলকাতার অবস্থান ষষ্ঠ।
আলফা জিওর মূল্যায়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ২০টি শহরের তালিকাতেও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি শহরের নাম উঠে এসেছে। ভারতের বেঙ্গালুরু ১২তম অবস্থানে রয়েছে। এছাড়া ভারতের হায়দরাবাদ, পাকিস্তানের ফয়সালাবাদ ও করাচি এবং বাংলাদেশের চট্টগ্রামও এই ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় স্থান পেয়েছে।

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে সক্ষম শহর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো। তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, স্পেনের বার্সেলোনা, তুরস্কের আঙ্কারা, আর্জেন্টিনার বুয়েনস আইরেস, ফ্রান্সের প্যারিস, তুরস্কের ইস্তানবুল, কলম্বিয়ার বোগোতা এবং কেনিয়ার নাইরোবি।
প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার শহরগুলোকে অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।
সূত্র: আন্দবাজার
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর