ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলার সময় ‘ভুল চাল’ ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রফিক মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সালমান নামে এক যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক সেখানে গিয়ে খেলা দেখছিলেন। একপর্যায়ে রফিক তাদের একটি ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করলে সালমান ও বশিরের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে মাহফুজ মিয়া ও ধলু মিয়া নামে স্থানীয় দুই ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।
স্থানীয়দের দাবি, বিরোধ মিটে যাওয়ার প্রায় পাঁচ মিনিট পর সালমান ফের রফিকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রফিককে গলা চেপে ধরেন এবং কিলঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে রফিক মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিলেন। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাকে মারধর করা হলে তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর