বগুড়ার শেরপুরে এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা, ভাঙচুর ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পৌর যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তরিকুল ইসলাম (সম্রাট) শেরপুর পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহরের ফলপট্টি এলাকার ‘মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
ইতিমধ্যে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল রাফাত বাদী হয়ে যুবদল নেতা তরিকুল ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ (এজাহারে) দিয়েছেন।
এজাহারের বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় যুবদল নেতা তরিকুল ইসলাম সায়েম ট্রাভেলসের অফিসে এসে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রবাসী আবদুল মান্নানের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন। এর ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর বিকেলে তরিকুলের অনুসারী ৫০-৬০ জন কিশোর ও তরুণ অতর্কিত দোকানে ঢুকে কর্মচারীদের শাসায় ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়ে ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
মামলার বাদী আবদুল্লাহ আল রাফাত বলেন, আমরা নিজেরাও দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত। অথচ ক্ষমতার দাপট দেখিয়ে একটি কিশোর গ্যাং বাহিনী দিয়ে আমাদের পারিবারিক প্রতিষ্ঠানে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হলো। আমরা এই চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর