দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এসব মজুতদারের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
আমিন উর রশিদ বলেন, ‘দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে কিছু দুষ্টু লোক সার মজুত করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমরা দুষ্টু লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
তিনি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। কৃষকের অধিকার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
কৃষিমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। ফলে এবার বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রীর ফেনী সফর প্রসঙ্গে আমিন উর রশিদ বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর সকালে পরশুরামের মুহুরি নদীর ওপর প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়ক ও মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
পরে প্রধানমন্ত্রী শ্রীপুরে তাঁর নানার বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ ও দুপুরের খাবার শেষে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রাত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর