• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ বিকাল

শেখ হাসিনা ‘বিশ্বসেরা অভিনেত্রী’: স্পিকার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেছেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলা নাগরিক সমাজের আয়োজনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বসেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি গুমের ঘটনায় তার সম্পৃক্ততা ছিল।’

তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন শেখ হাসিনা। গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিতেন। অথচ তার ভেতরে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব লুকিয়ে ছিল বলে অভিযোগ করেন তিনি।

স্পিকার আরও বলেন, শেখ হাসিনা নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। কিন্তু স্বজনদের সামনে এমনভাবে অভিনয় করতেন, যেন তাদের ফিরে পাওয়ার জন্য তিনিও উদ্বিগ্ন। তখন জনগণ বিষয়টি বুঝতে না পারলেও এখন সবকিছু পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এখন অনেক কিছুই জনগণের কাছে পরিষ্কার হয়েছে। তার দাবি, শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের নির্দেশদাতা ছিলেন।

একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়না ঘরে’ বন্দি করে রাখার অভিযোগও করেন তিনি। হাফিজ বলেন, তার সঙ্গে কতটা নির্মম ও জঘন্য আচরণ করা হয়েছে, তা কল্পনা করা যায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ওই ব্যক্তি মুক্ত হয়েছেন এবং এখন সংসদ সদস্য হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লুটপাট ও দুর্নীতির অভিযোগ তুলে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। এ ছাড়া তৎকালীন একজন ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের সময়ে স্থানীয় এমপি ছিলেন একজন ‘শীর্ষ সন্ত্রাসী ও খুনি’। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তার নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, তার নির্বাচনি প্রধান সমন্বয়ক এবং ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে পিটিয়ে আহত করা হয়েছিল। তাকে দেখতে হাসপাতালে গেলেও প্রবেশ করতে পারেননি বলেও দাবি করেন হাফিজ।

মতবিনিময় সভার শেষ পর্যায়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ সন্তুষ্ট কি না, তা জানতে চান হাফিজ উদ্দিন আহমেদ।

পরে সংসদীয় পদ্ধতির আদলে উপস্থিতদের মতামত জানতে ‘হ্যাঁ-না’ ভোট নেওয়া হয়। এতে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের করতালির মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]